চাঁদপুরের মতলব উত্তরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার(৩মার্চ) বিকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হানীয়া গ্রামে বেরীবাধে এলাকায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৃদ্ধার মেয়ে নুরুন্নাহার বেগম। এছাড়া এলাকার স্থানীয় মানুষ ও স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বৃদ্ধার মেয়ে নুরুন্নাহার বেগম বলেন, পরকীয়ার জেরে হালিমা ও মিঠু তার মাকে হত্যা করে পুরো পরিবারকে ধ্বংস করেছে। তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হলে তাদের পরিবার ন্যায়বিচার পাবে।
মানববন্ধন থেকে তারা অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ ঘটনায় নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ হালিমা ও মিঠুকে গ্রেপ্তার করে আদালতেপাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে ইতালি প্রবাসী নুর ইসলামের স্ত্রী হালিমা আক্তার প্রতিবেশী যুবক আশরাফুল ইসলাম মিঠুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর মিঠু হালিমাকে ব্যবহার করে পারুল বেগমের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা আদায়ের চেষ্টা করেন। হালিমা রাজী না হলে মিঠু তার স্বামীকে বিষয়টি জানিয়ে ভয় দেখায় এবং হালিমাকে পরিকল্পনায় সহায়তা করতে রাজী করানো হয়।
পরিকল্পনার অংশ হিসেবে, ২৭ ফেব্রুয়ারি রাত ৮ টা ৩০ মিনিটে মিঠুন গোপনে প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। হালিমার মাধ্যমে পারুল বেগমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর মিঠু পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালংকার লুটে নেন। ঘটনার সময় হালিমা তাকে সহযোগিতা করেন। পরে হত্যাকাণ্ডকে ভিন্নভাবে দেখানোর জন্য হালিমাকে হাত-পা বেঁধে রাখা হয়।