রাজধানীতে স্ত্রীকে গলা কেটে হত্যা

রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগে স্বামী কতৃক স্ত্রী গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধুর নাম লাকি আক্তার (১৭)।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মীরহাজীরবাগ পাইপ রাস্তার টিনসেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বিকেলে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় ফেলে রাখা ছিল। তবে এসময় ঘরে কাউকে পাওয়া যায়নি।

এসআই আরও জানান, স্বামী সজিবকে নিয়ে ওই বাসায় দেড়মাস যাবৎ ভাড়া থাকতেন লাকি। প্রতিবেশীর মাধ্যমে জানা যায়, সোমবার দিবাগত রাতে তাদের ঘরে পারিবারিক বিষয় নিয়ে প্রচুর ঝগড়ার আওয়াজ পান তারা। এরপর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোন সাড়াশব্দ পাওয়া যায়নি ওই বাসায়। ঘরে দরজাও বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে দেখতে পান, লাকি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তারা থানায় খবর দেন।

ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যেকোন সময় সজিব স্ত্রী লাকিকে গলা কেটে হত্যা করে ঘরেই লাশ রেখে পালিয়ে গেছে। তাকে আটকে চেষ্টা চলছে।

নিহত লাকির বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। তার বাবার নাম মো. হারুন। তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে।