রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের জন্য বড় এক ধাক্কা হয়ে এল ফরোয়ার্ড রদ্রিগোর চোট। মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, রদ্রিগোর ডান হাঁটুতে এসিএল এবং ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে গেছে। এই গুরুতর ইনজুরির কারণে তিনি চলতি মৌসুমের বাকি সময় তো বটেই, এমনকি আগামী জুনে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন।
সোমবার গেতাফের বিপক্ষে ম্যাচে চোট পান রদ্রিগো। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে অপ্রত্যাশিত হারের স্বাদ পায়। মাঠেই রদ্রিগোর যন্ত্রণাকাতর মুখ দেখে বড় কোনো বিপদের আশঙ্কা করা হয়েছিল, যা মঙ্গলবার মেডিকেল পরীক্ষার রিপোর্টে সত্যি প্রমাণিত হয়।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, "রদ্রিগোর ডান পায়ে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।" রদ্রিগোর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সুস্থ হয়ে উঠতে তার কমপক্ষে আট মাস সময় লাগতে পারে। তবে তার ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করবে পুনর্বাসনের অগ্রগতির ওপর।
বিশ্বকাপের দোরগোড়ায় দলের অন্যতম প্রধান তারকার এমন ইনজুরিতে শোকস্তব্ধ ব্রাজিল। এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, 'রদ্রিগোর এই কঠিন সময়ে আমরা তার পাশে আছি। গেতাফের বিপক্ষে ম্যাচে তিনি যে গুরুতর চোট পেয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি তিনি দ্রুতই মাঠে ফিরবেন।'