রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজায়িত করার পাশাপাশি বর্ষা মৌসুমের আগেই মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বর্জ্যমুক্ত করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সিটি করপোরেশনের প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণ, উত্তর ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
তিনি বলেন, ‘গত ১৭ বছরে ক্ষমতাসীন সরকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তহবিল থেকে ৪২৫ কোটি টাকা লুট করেছে। বর্তমানে দক্ষিণ সিটির তহবিল কার্যত শূন্য। আগের প্রশাসনের দেওয়া প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) বহাল রয়েছে, যা এখন বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। কাক্সিক্ষত হারে রাজস্ব আদায় না হওয়ায় সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে থোক বরাদ্দ চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন বলেও জানান আবদুস সালাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আর্থিক অবস্থাও নাজুক বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘উত্তর সিটির তহবিলে বর্তমানে মাত্র ২৫ কোটি টাকা রয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের পর এ তহবিলও প্রায় শূন্য হয়ে যাবে। আর্থিক সংকট নগর সেবায় প্রভাব ফেলতে পারে।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন নিজ এলাকার সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা নেন।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিলবোর্ড অপসারণের নির্দেশ : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে এলে তার ছবি সংবলিত ব্যানার দেখতে পান। পরে তিনি এ ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।’
রুমন বলেন, ‘রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শন করছে, সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। কয়েক দিন আগে বিজয় সরণির সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল, সেটা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।’
কোস্ট গার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ : গতকাল সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে যান। সকালে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। এ বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘কোস্ট গার্ডের মহাপরিচালককে উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বেড়েছে : আতিকুর রহমান রুমন বলেন, ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতিবিষয়ক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।’
রুমন বলেন, ‘রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার, যা কি না হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পর তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্ত না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন।’ এদিকে মোটা চালের দাম বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘গতকাল (সোমবার) মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য, তার দাম বাড়ার সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখা গেছে যে, তাৎক্ষণিকভাবে ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে।’
কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ ঢাকার কড়াইল বস্তিতে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া থেকে এ কার্ড বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও উপনির্বাচনের তফসিল ঘোষিত হওয়া সেই ভেন্যু পরিবর্তন করে মহাখালীর কড়াইল বস্তিত নিয়ে আসা হয়েছে। সারা দেশের আর ১৪টি স্থানে এটা পাইলটিং করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রীরা নিজ নিজ এলাকায় কার্ড উদ্বোধন করবেন। উচ্চবিত্ত আর মধ্যবিত্ত কোনো সুবিধা পাবে না, কিন্তু তারা কার্ড পাবে।’
ফ্যামিলি কার্ডের কার্যকারিতা প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী যেমন ক্ষমতায়িত হবেন, তেমনি মা তার বাচ্চাদের পড়াশোনা ও পুষ্টির জন্য সেই অর্থ ব্যয় করতে পারবেন। এই সুবিধা চলমান প্রক্রিয়া। নিম্নবিত্ত একসময় মধ্যবিত্ত হবে আবার একজন উচ্চবিত্ত হয়তো নিম্নবিত্ত হয়ে যেতে পারেন। সুতরাং, এ কার্ডের উপকারভোগী হয়তো একদিন কমবে বা পরিবর্তন হবে। মানুষের আর্থিক সচ্ছলতা বাড়লে কার্ডের সুবিধাভোগীর সংখ্যা আস্তে আস্তে কমবে।’