একটি মন্ত্রণালয় ও তিন বিভাগে সাবেক চার সরকারি কর্মকর্তাকে সচিব পদে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগ দেওয়ার তারিখ থেকে এক বছর মেয়াদে তারা এই পদে অধিষ্ঠিত থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপর প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোয় পরিবর্তন আনা হচ্ছে।
গত ১ মার্চ কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একই দিন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (সচিব) করা হয়।
এর আগে ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (সচিব) করা হয়।