সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা জামায়াতের

ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। গতকাল মঙ্গলবার রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় রমজানের গুরুত্ব তুলে ধরে মহিলা বিভাগের সেক্রেটারি ইফতার মাহফিলে আসা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আরলী, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসিনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

ইফতার মাহফিলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। সবশেষে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার।