ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ ও প্রকাশিত ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর চার প্রার্থী হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে (নির্বাচনী ট্রাইব্যুনাল) এ আবেদনগুলো করা হয়। আবেদনকারীরা হলেন, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া, লালমনিরহাট-২ আসনের প্রার্থী মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
জামায়াতে ইসলামী প্রার্থীদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, আদালত আবেদনগুলো গ্রহণ করে ভোটের ব্যালটসহ অন্যান্য সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি (১৩ মার্চ থেকে ১৮ এপ্রিল) শেষে মে মাসে আবেদনগুলোর ওপর শুনানি হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যে ভোটের ফল চ্যালেঞ্জ করে ১০টি সংসদীয় আসনে ১০টি আসনের পরাজিত প্রার্থীরা হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন।