ইউএনজিএ সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চায় সরকার

জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ২০২৬-২০২৭ মেয়াদে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে সরকার। ঢাকায় দেশটির হাইকমিশনার সারাহ কুক গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে মন্ত্রী এ সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউএনজিএর আসন্ন ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি মন্ত্রী যুক্তরাজ্যের সমর্থন কামনা করেন।

হাইকমিশনার সারাহ কুক প্রতিশ্রুতি দেন যে, তিনি বাংলাদেশের প্রার্থিতার বিষয়টি লন্ডনে তার দেশের সরকারকে জানাবেন। তিনি মন্ত্রীকে আশ্বস্ত করেন যে যুক্তরাজ্য সরকার বাংলাদেশের প্রার্থিতার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবে।

ইউএনজিএ সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস।

পররাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার জন্য নতুন পথ অন্বেষণের বিষয়ে আলোচনা করেন। তারা একমত হন যে, যুক্তরাজ্যে প্রবাসীরা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে চলেছে।

হাইকমিশনার সারাহ কুক গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। তারা দক্ষতা উন্নয়ন, অভিবাসন, স্বাস্থ্যসেবা খাত, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

আলজেরিয়ার সমর্থন : জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থনের কথা জানিয়েছে আলজেরিয়া।

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি গতকাল ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানান। এ বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি।