ঝিনাইদহে লাইসেন্স বহালের দাবি সার বিক্রেতাদের

খুচরা সার বিক্রির অনুমোদন কার্ড (লাইসেন্স) বহালের দাবি জানিয়েছেন ঝিনাইদহের খুচরা সার বিক্রেতারা। এছাড়া খুচরা সার বিক্রি সংক্রান্ত সংশোধিত নীতিমালা-২০২৫ পূণঃসংশোধনের দাবিও জানিয়েছেন তারা। এ দাবিতে মানববন্ধন সমাবেশের পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (৪মার্চ) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত লেখা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন জেলা ও উপজেলা শাখার খুচরা সার বিক্রেতারা।

ঘন্টাব্যাপী এ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, মহেশপুরের সভাপতি সাইফুল ইসলাম উজ্জল, হরিণাকুন্ডুর সভাপতি শামিম আহমেদ চাঁদ, শৈলকুপার সভাপতি বাবুল আক্তার, কোটচাঁদপুরের সভাপতি  হারুন অর রশিদ ও কালীগঞ্জের সভাপতি জিল্লুর রহমানসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করায় দেশের ৪৪ হাজার পরিবার ও তাদের পরিজন  মানবেতর জীবন যাপন করছে। তাই তাদের বহাল রেখে সার নীতিমালা ২০২৫ এর পুনর্গঠন স্থগিত করতে হবে। লাইসেন্স পুনর্বহালে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় খুচরা সার বিক্রেতারা। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।