কৃষিমন্ত্রী

পয়লা বৈশাখেই চালু হচ্ছে ‘কৃষক কার্ড’

দেশের প্রান্তিক কৃষকদের জন্য পয়লা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। 

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কৃষিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে পাইলটিং কার্যক্রম হিসেবে ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি, পয়লা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করতে পারব। তিনি আরও জানান, এই কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের আদলে প্রান্তিক কৃষকরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

কৃষক কার্ডের মাধ্যমে ঠিক কী কী সুবিধা মিলবে-এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদন, ভোক্তা, কৃষিজমি, কৃষিপণ্য, ভ্যারাইটি-সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং সরকারের কাছে যেন সব তথ্য সঠিকভাবে আসে, সেটাই নিশ্চিত করবে এই কার্ড।