সিরাজগঞ্জের শাহজাদপুরের শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বাড়ির পাশের করতোয়া নদী থেকে পানি আনতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এশার উদ্দিন প্রামাণিককে (৪০) গ্রেপ্তার করেছে। অভিযুক্ত এশার শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ ভোরে নদী থেকে পানি আনতে যান। পানি নিয়ে ফেরার পথে শ্রীফলতলা খেয়াঘাটের মাঝি এশার তাকে গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করেন। তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়ি ফিরে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নৌকার মাঝি এশার উদ্দিন প্রামাণিককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এশার উদ্দিন ধর্ষণের দায় স্বীকার করেছেন।