গ্ল্যামার অঙ্গনে ‘ট্রোলিং’ বা অনলাইন বুলিং এর ঘটনা নতুন নয়। অভিনেতা অর্জুন কাপুরও বহুবার এর শিকার হয়েছেন। তবে এবার দাদার পাশে দাঁড়িয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন তার বোন জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী স্পষ্ট জানিয়েছেন, কাউকে অপমান বা মানসিকভাবে হেনস্থা করার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।
জাহ্নবীর মতে, বর্তমান ডিজিটাল যুগে ‘ভাইরালিটি’ বা ভিউ পাওয়ার নেশায় মানুষ এতটাই মত্ত যে নীতি-নৈতিকতা ভুলে যাচ্ছে। তিনি বলেন, `সোশ্যাল মিডিয়া এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সবাই প্রচার চাইছে। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আমাদের মতো পাবলিক ফিগারদের সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়। আসলে তারা আমাদের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে এসব করে না, বরং কেবল ক্লিকবেট বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের নাম ব্যবহার করে।'
দাদা অর্জুন কাপুরের প্রতি ট্রোলারদের আক্রমণ নিয়ে ব্যথিত জাহ্নবী স্বীকার করেছেন, যখন কাউকে ভুল বোঝা হয় বা পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়, তখন সেটা অত্যন্ত কষ্টদায়ক। তিনি বলেন, ‘আমি দেখেছি আমার দাদাকে নিয়ে কীভাবে ট্রোলিং করা হয়। এই ধরনের বুলিংয়ের কোনো ক্ষমা নেই। নেতিবাচকতা কেবল নেতিবাচকতাই তৈরি করে। তাই এই ধরনের বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।’