ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশে ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় নিজের একমাত্র ছেলে নাহিদ হাসান সবুজকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন আবু জাফর নামে এক কৃষক দল নেতা।
সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। পরে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. আবু জাফর (৪৮) ঝিনাইদহ সদর উপজেলার কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর একমাত্র ছেলে মো. নাহিদ হাসান সবুজকে (২৪) অবাধ্যতা ও ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন। সবুজ ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
হলফনামায় মো. আবু জাফর উল্লেখ করেন, আমার পুত্র মো. নাহিদ হাসান সবুজ আমার কথামতো চলে না বা আমার বাড়িতেও বর্তমানে থাকে না। সে তার মতো আলাদা থাকে এবং আমি তার কোনো আয় রোজগার গ্রহণ করি না। আমার পুত্র মো. নাহিদ হাসান সবুজ বর্তমান বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা সরকারি কেশবচন্দ্র কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময় ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করাসহ গত ২১ ফেব্রুয়ারি ২০২৬-এর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালু করায় তাকে আমার বাড়ি হইতে তাড়াইয়া দিয়াছি।