৬০ দিনের মধ্যে ‘চাঁদাবাজি’ শব্দটি আর শোনা যাবে না: এমপি নাসের রহমান

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, মৌলভীবাজারে কোনো ধরনের মাস্তানি, চাঁদাবাজি কিংবা ‘কিশোর গ্যাং’ কার্যক্রম বরদাশত করা হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, চাঁদাবাজদের মার দেওয়া একেবারে ফরজে কেফায়া। এ বিষয়ে কোনো টলারেন্স থাকবে না।

বুধবার (৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকের পর থেকে মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না। কোনো ধরনের মাস্তানি বা চাঁদাবাজি টলারেট করা হবে না। তিনি প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে সে যেই দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, মানুষ যেনো থানায় গিয়ে নির্বিঘ্নে সেবা নিতে পারেন। কোনো অভিযোগ যেনো না থাকে। কোথাও কোনো পুলিশ সদস্য বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে তিনি বিশেষ নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, আগামী ৬০ দিনের মধ্যে ‘চাঁদাবাজি’ শব্দটি আর শোনা যাবে না। একইভাবে ‘কিশোর গ্যাং’ কার্যক্রমও নির্মূল করতে হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাশেষে উপজেলা কম্পাউন্ডে নারিকেল গাছের চারা রোপণ করেন এমপি নাসের রহমান।