নীলফামারীতে পৃথক পৃথক অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার(৪মার্চ) ওই জরিমানা করে সংশ্লিষ্ট প্রশাসন। এদিন জ্বালানি তেল মেশিনে কারচুপির মাধ্যমে গ্রাহকদের লিটারে ১২ টাকা করে তেল কম দেয়ার অভিযোগে জেলা শহরের বাদিয়ার মোড় এলাকার মুক্তা ফিলিং স্টেশনে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও বিএসটিআই অনুমোদন ছাড়াই শিশুখাদ্য ‘আইসললি’ তৈরি করায় অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার জুলকার নাঈম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি আল-আমিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন ডিমলা উপজেলার চাপানী হাট এলাকার খরশেদা অটো মুড়ি মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং মুড়িতে নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।