গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের কর্মকর্তারা। 

বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ পুলিশ লাইন্স সংলগ্ন বগুড়া দধি ভান্ডারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে দোলা পরববহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আলী আজগর শেখ (২৫) নামক যুবককে ৮ কেজি অবৈধ গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আলী আজগর শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার কাঠালতলা গ্রামের মো. হাসেম খানের ছেলে। 

এ ঘটনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।