রাজধানীর আরামবাগে এসি মেরামতের দোকানে বিস্ফোরণে দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন, তামিম (২৩) ও বিল্লাল হোসেন শুভ (২১)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে আরামবাগ ওয়ান্ডার্স ক্লাবের পাশে "মিউচুয়াল রেফ্রিজারেটর" নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।
তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আরাফাত হোসেন শাওন জানান, সন্ধ্যায় দোকানে এসি মেরামতের কাজ করছিল ওই দুইজন। এসি'তে গ্যাস ভরার সময় কোন একটি ভুলের কারণে সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে আহত ও দগ্ধ হন শুভ ও তামিম।
সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। বার্ন ইউনিটে চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই দুইজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে অবগত করা হয়েছে।