বৃষ্টির অপেক্ষায় দর্শক নির্মাতারা

দেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টির কিছুদিন আগেই ব্রেন টিউমারের অপারেশন করা হয় রাজধানীর একটি হাসপাতালে। চিকিৎসা শেষে ঢাকার উত্তরাতে নিজ বাসাতেই পূর্ণ বিশ্রামে আছেন মডেল-অভিনেত্রী। গত মঙ্গলবার বৃষ্টি অপারেশন সেলাই খুলতে হাসপাতালে গিয়েছিলেন। সেলাই খোলা শেষে হাসপাতালের ডাক্তার ও নার্সদের সঙ্গে একটি ছবিতে বেশ উচ্ছ্বসিত ভঙিমায় দেখা গেছে তকে। বিগত বেশ কয়েক বছর ধরে নাটকের একজন অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তানিয়া বৃষ্টি। বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। আগামী ঈদেও বৃষ্টি অভিনীত বেশকিছু নাটক তার প্রচার হবে, কারণ এসব নাটকের শুটিং অপারেশন করার আগেই সম্পন্ন করা হয়। বৃষ্টির অসুস্থতায় তার বহু নাটকের পরিচালক, সহশিল্পী, প্রযোজক, অন্যান্য কলাকুশলীসহ দেশ-বিদেশের অসংখ্য ভক্ত তার জন্য দোয়া করেছেন যেন তানিয়া বৃষ্টি দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফেরেন। বৃষ্টির কাজে ফেরার অপেক্ষায় সবাই।

তানিয়া বৃষ্টি বলেন, ‘বিধাতারা অশেষ রহমতে এবং দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়ায় এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তারের পরামর্শে আপাতত বাসাতেই আছি পূর্ণ বিশ্রামে। আমার বহু সহকর্মী নানান মাধ্যমে আমার খোঁজখবর নিয়েছেন, নিচ্ছেন। আমি তাদের এই মুহূর্তে কোনো রিপ্লাই দিতে পারছি না। তবে আমার প্রতি তাদের ভালোবাসা, স্নেহ-মমতায় আমি অনুভব করছি প্রতিদিন, প্রতি মুহূর্তে। সবাই আমাকে এত ভালোবাসে, এত অনুভব করে যেন নতুন করে জানা হলো আমার। সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন। আমি যেন আবারও আমার কর্মক্ষেত্রে সুস্থ হয়ে সুন্দরভাবে ফিরতে পারি।’

এদিকে আজ এই অভিনেত্রীর জন্মদিন। তবে অসুস্থতা ও রমজানের জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই বললেই জানান তিনি। একটি রিয়েলিটি শোর মধ্যদিয়ে আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে মিডিয়াতে তানিয়া বৃষ্টির অভিষেক হয়। একজন অভিনয়প্রেমী শিল্পী হিসেবে তিনি অভিনয় জীবনের শুরু থেকেই মনেপ্রাণে অভিনয়ই করতে ভালোবাসতেন। বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ তানিয়া বৃষ্টি রায়হান খানের ‘ট্রাইবুনাল’ সিনেমায় অভিনয় করেছেন। বৃষ্টি সর্বশেষ অভিনয়ে ভীষণ প্রশংসা কুড়ান সাগর জাহানোর ‘চোখটা আমাকে দাও’ ও ‘ছোবল’ নাটকে অভিনয় করে।