রফিকুল ই মোহামেদ নতুন কৃষি সচিব

কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানোর পর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে নতুন সচিবকে।  গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি ও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রফিকুল ই মোহামেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠপ্রশাসনে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জেলা প্রশাসক হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া সচিব, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত কর্মরত ছিলেন। ই মোহামেদ দেশ-বিদেশে বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রিস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।