বাংলাদেশ সফরের জন্য যে ১৫ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাদের ভেতর ৬ জনেরই এখনো ওয়ানডে অভিষেক হয়নি। বুধবার বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি। বাবর আজমের জায়গা হয়নি বাংলাদেশ সফরের দলে, নেই সাইম আইয়ুবও। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের দুই নম্বর ব্যাটসম্যান ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটো সেঞ্চুরি করা সাহেবজাদা ফারহান সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে।
নতুন মুখদের ভেতর আরও আছেন মাজ সাদাকাত, আব্দুল সামাদ, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও শামিল হোসেন। সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল পাকিস্তান শাহীন দলের হয়ে আবুধাবিতে ইংল্যান্ড লায়নস দলের বিপক্ষে সিরিজের দলে ছিলেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে একটা ওয়ানডে ম্যাচ হওয়ার পরই সিরিজটি বাতিল হয়ে যায়। মাঠে গড়ানো একমাত্র ম্যাচে
পাকিস্তান শাহিন হেরেছিল ৯ উইকেটে। উদ্বোধনী ব্যাটসম্যান শামিল, যিনি দলের নেতৃত্বেও ছিলেনÑ করেছিলেন ৩৫ বলে ১৮, মাজ সাদাকাত ০, মিডল অর্ডার ব্যাটসম্যান আব্দুল সামাদ করেছিলেন ৫৭ বলে ৪৪ আর সাদ মাসুদ করেছিলেন ১ রান।
শামিল ২১ বছর বয়সী বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান, এখন পর্যন্ত ১৩টা স্বীকৃত ৫০ ওভারের ম্যাচ খেলেছেন আর রান করেছেন ৫৫৬, সেঞ্চুরি দুটো। মাজ সাদাকাতও উদ্বোধনী ব্যাটসম্যান, বামহাতে ব্যাটিং ও স্পিন বোলিং করেন। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএলেও খেলে গেছেন সাদাকাত, খুব একটা সুবিধা করতে পারেননি। ৫ ম্যাচ খেলে নেই কোনো হাফসেঞ্চুরি। ২৮টা স্বীকৃত ৫০ ওভারের ম্যাচে তার রান ৯৭২, সেঞ্চুরি ৩টি।
আব্দুল সামাদ ডান হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এরই মধ্যে অভিষেক হয়েছে তার, খেলেছেন ৫টি ম্যাচ। ৩২টি স্বীকৃত ওয়ানডে ম্যাচে সামাদের রান ৯৯২, সেঞ্চুরি ২টি। গাজী ঘোরি একজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান, ১৭টা স্বীকৃত ওয়ানডে খেলেছেন, কোনো সেঞ্চুরি নেই, হাফসেঞ্চুরি ১টি।
সাহেবজাদা ফারহান টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালের আগে বিদায় নিলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ফারহান। বিপিএলের গত আসরে রাজশাহীর ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন ফারহান, ২০২৫ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে একটি মাত্র ম্যাচে সুযোগ পেয়েই করেছিলেন ৬৩ রান।
৮ মার্চ বাংলাদেশে আসবে পাকিস্তান দল, ১০ তারিখে অনুশীলন আর ১১,১৩ ও ১৫ মার্চ ৩টি ওয়ানডেই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।