লুটের অস্ত্রে মাদক কর্মকর্তার গাড়িতে গুলি

রাজধানীর স্বামীবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে, সেটি গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া পিস্তল ও রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি। তিনি বলেন, গত সোমবার দুপুর ১২টায় স্বামীবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করছিল। এ সময় তিন-চারজন অজ্ঞাত দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলে ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

ডিসি আরও বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিসান, পিয়াস ও সায়েমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে থানার লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে আরও একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সংবাদ সম্মেলনে ওয়ারীর ডিসি মল্লিক আহসান উদ্দীন সামি বলেন, গত এক সপ্তাহে ওয়ারী এলাকায় নানা অভিযোগে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।