ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় তিনটি বাড়ি ঘর ভাঙচুর করা হয়। উপজেলার হাকিমপুর গ্রামে বুধবার (৪ মার্চ) রাতে এঘটনা ঘটে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাতে দুইপক্ষের সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ড হয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত ও তিনটি বাড়ি ঘর ভাঙচুর করা হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানান তিনি।
ওসি জানান, এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।