১০ জনের নিউক্যাসলের কাছে অপ্রত্যাশিত হারের পর শিক্ষা নেওয়ার কথা বলেছেন মাইকেল ক্যারিক। তার মতে, এই হার থেকে শিক্ষা নিয়েই সামনে এগোতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেন্ট জেমস’ পার্কে ২–১ গোলে হেরে গেছে ইউনাইটেড। ম্যাচে শেষদিকে গোল করে নিউক্যাসলকে জেতান উইলিয়াম ওসুলা। এতে ক্যারিকের অধীনে প্রথম পরাজয়ের মুখ দেখে ইউনাইটেড।
ক্যারিক দায়িত্ব নেওয়ার পর প্রথম ৭ ম্যাচে ৬টি জয় ও ১টি ম্যাচ ড্র করেছিল ইউনাইটেড। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ধার কমে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়েস্টহ্যামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র, এভারটনের বিপক্ষে কঠিন জয় এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ধীরগতির পারফরম্যান্স—সব মিলিয়ে ইউনাইটেডের খেলা আগের মতো ধাঁরালো ছিল না।
এছাড়া ইনজুরির সমস্যাও ভুগিয়েছে দলকে। ম্যাচে মাতেইস দে লিগট, ম্যাসন মাউন্ট, লিসান্দ্রো মার্তিনেজ, নুসাইর মাজরাউই ও প্যাট্রিক ডর্গুসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। এর মধ্যেই ১০ জনের নিউক্যাসলের কাছে হার ইউনাইটেডের জন্য বিব্রতকর হয়ে ওঠে। তবে শিরোপা লড়াইয়ে পরিস্থিতি এখনও পুরোপুরি খারাপ হয়নি। কারণ প্রতিদ্বন্দ্বী দলগুলোও পয়েন্ট হারিয়েছে। ফলে লিগ টেবিলে তৃতীয় স্থানেই রয়েছে ইউনাইটেড।
ম্যাচ শেষে ক্যারিক বলেন, “আমরা ভীষণ হতাশ। এটা কষ্টদায়ক। আমরা ভালো অবস্থায় এখানে এসেছিলাম, কিন্তু ম্যাচ যেভাবে শেষ হলো তা খুবই হতাশাজনক। এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। কীভাবে এমন হলো তা বুঝতে হবে। তবে বড় ছবিটাও ভুলে গেলে চলবে না—আমরা এমন একটি অবস্থানে আছি যা খুবই উত্তেজনাপূর্ণ হতে পারে।”
আগামী ১৫ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন ক্যারিক। জয় পেলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে যাবে দল।