কিরণকে ধুয়ে দিলেন বাটলার

পরাশক্তি চীনকে ভড়কে দিয়ে যখন নারী ফুটবল দল প্রশংসায় ভাসছে, তখন ঢাকা থেকে ক্ষোদ তাদের অভিভাবক মাহফুজা আক্তার কিরণ করে বসলেন এক বেফাঁস মন্তব্য্। চীনকে দুর্বল, বুড়িয়ে যাওয়া দল হিসেবে আখ্যা দিয়ে বসলেন বাফুফের নারী কমিটির প্রধান। যা মোটেই ভালোভাবে নেননি বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নে জবাব দিতে গিয়ে কিরণকে ধুয়ে দিলেছেন ব্রিটিশ কোচ। কিরণের মন্তব্য নিজ দল ও চীনের জন্য অসম্মানজনক ও এর মধ্য দিয়ে বাফুফের এ কর্মকর্তা দায়িত্বহীণতার পরিচয় দিয়েছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাটলার। 

শুক্রবার উত্তর কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে বেশ খোশ মেজাজেই ছিলেন বাটলার। এশিয়ান কাপের সবচেয়ে সফল দল এবং বর্তমান চ্যাম্পিয়নদের ভয়ঙ্কর হতে না দেওয়ার একটা তৃপ্তি নিয়েই এসেছিলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে। প্রতিটি উত্তরের শুরুতে হাসি-ঠাট্টা করেছেন। বোঝাই গেছে, পুরো আবহকে হালকা রাখতে চেয়েছেন বাটলার। তবে কিরণ ইস্যু আসতেই নিজেকে সামলাতে পারেননি। একটু থেমে গিয়ে করেছেন কড়া সমালোচনা।

বাটলারের রেগে যাওয়াটা বড্ড স্বাভাবিক। এমন একটা পারফরম্যান্সের পর যখন সবার মাঝেই একটা বাড়তি আত্মবিশ্বাস কাজ করছে, তখন ঢাকায় বসে মাহফুজা আক্তার বিতর্ক উসকে দিয়েছেন চীন দলের শক্তিমত্তা নিয়ে কথা বলে। বুধবার ঢাকায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিরণ বলেন, 'চীনকে অনেক বেশি বয়স্ক মনে হয়েছে। তারা মাঝে মধ্যে দাড়িয়ে গেছে। তারা অফ ফর্মে, ফর্ম নেই। আমি আগে চীনের খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।'

কিরণের এ বক্তব্য সিডনিতে বসেই শুনেছেন বাটলার। কিরণের এমন ধারা মন্তব্য কতটা সমর্থন করেন, জানতে চাইলে বাটলার কড়া সমালোচনা করেছেন নারী ফুটবল কমিটির প্রধানের, 'এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো— এটি সম্পূর্ণ আজেবাজে (ননসেন্স) কথা। আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা মোটেই ঠিক হয়নি। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত ছিল, সেটা শুধু খেলোয়াড়দের প্রতি নয়, গোটা দলের প্রতি। ওরা (চীন) অবশ্যই একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের(স্পোর্টিং) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজি-র হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের মতো দলের খেলে না; তারা ফ্রান্সে এবং চীনা সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক মন্তব্য এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় রেখেছেন।  তবে আমি এমনটাই (তার কাছ থেকে) প্রত্যাশা করি। আমি সত্যি বলছি এটিই প্রত্যাশিত।'