কুমিল্লার মুরাদনগরে মাদক বেচাকেনার সময় ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গাঙ্গাটিয়া গ্রামে বুধবার (৪ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, গাঙ্গাটিয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারী সোহেল মিয়া (৩২), একই গ্রামের ইমন (২১) ও সাতমোড়া গ্রামের মো. হোসেন (২৫)।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে গাঙ্গাটিয়া গ্রামের সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তিনজন আটক করে মুরাদনগর থানা পুলিশ। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮৮০ টাকা উদ্ধার করে।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।