মায়ামিতে মাঠের বাইরে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশেষ একটি ফুটবল উপহার পেয়ে তিনি বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। বলটিতে আঁকা ছিল তার পরিবারের প্রতিকৃতি। বিশেষ এই বলটি তৈরি করেছেন মেক্সিকান শিল্পী জোভানা গার্সিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রেট্রাটার্টেবিজেজি’ নামে পরিচিত এই শিল্পী বলটির উপর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তাদের তিন সন্তানের মুখ আঁকেন। পরিবার ও ফুটবল- মেসির জীবনের দুই গুরুত্বপূর্ণ দিক একসঙ্গে তুলে ধরতেই তিনি এই শিল্পকর্মটি তৈরি করেন। সাংবাদিক গনসালো ইগলেসিয়াসের সঙ্গে একটি সাক্ষাৎকারের পর এই উপহারটি মেসির হাতে তুলে দেওয়া হয়।
উপহারটি হাতে পেয়ে মেসির মুখে প্রশস্ত হাসি দেখা যায়। তিনি উপহারটি গ্রহণ করে শিল্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই মুহূর্তের ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বল তৈরির অভিজ্ঞতা নিয়ে শিল্পী জোভানা গার্সিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমি খুব বেশি না ভেবেই কাজটি শুরু করেছিলাম। কে এই উপহারটি পাবেন সেটা তখনও জানতাম না। কিন্তু আমি এটা তৈরি করতে অনেক শ্রম দিয়েছি।’
মেসির উপহার গ্রহণের ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন। অনেকেই মেসির সরলতা ও পরিবারের প্রতি তার ভালোবাসার বিষয়টি সামনে নিয়ে আসেন। মাঠেও দুর্দান্ত ছন্দে আছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে গত ১২ মাসে তিনি সরাসরি ৫৯টি গোলে অবদান রেখেছেন, যার মধ্যে ৩৭টি গোল ও ২২টি অ্যাসিস্ট। সিআইইএস ফুটবল অবজারভেটরির বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বের ৬৭টি বড় লিগের খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ আক্রমণাত্মক অবদান।