বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় মবের শিকার হওয়া গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ পদত্যাগ করেছেন। নতুন গভর্নরের কাছে বুধবার (৪ মার্চ) তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
গভর্নরের কাছে দেওয়া চিঠিতে আহসান উল্লাহ লিখেছেন, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে ঘটে যাওয়া মব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিকেলে তিনি ব্যাংকের দাপ্তরিক গাড়িতে করে মিরপুর ডিওএইচএসে নিজের বাসভবনের উদ্দেশে ব্যাংক প্রাঙ্গণ ত্যাগ করেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গভর্নরের উপদেষ্টার মতো সম্মানজনক পদে নিজেকে আর নিয়োজিত রাখতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এই পদের মেয়াদ ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।
চুক্তিভিত্তিক সেবার অবসানসংক্রান্ত শর্তাবলি অনুযায়ী, তিনি চাকরির পদত্যাগের নোটিশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক ত্যাগ করার দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৩০ দিন পর তা কার্যকর হবে।
আহসান উল্লাহ লিখেছেন, এই প্রেক্ষাপটে এক বছরের সামান্য বেশি সময় (সর্বমোট ১ বছর ১ মাস ১৮ দিন) দায়িত্বপালনকালে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে যে আন্তরিক সহযোগিতা ও যথাযথ সম্মান তিনি পেয়েছেন, সেটা তিনি বিনীতভাবে স্বীকার করছেন।
এদিকে একই দিন বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্য পদ থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগ করেছেন।