সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় মামলার প্রস্তুতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সোলে তাদের বদলির আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা প্রশাসন।

বদলি করা কর্মকর্তারা হলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী। নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজার ও অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলী করা হয়েছে।  

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিক গত বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ  ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কোন কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত পাননি। তখন তালাবদ্ধ অফিসের বারান্দায় প্রায় আধাঘণ্টা বসে থাকেন প্রতিমন্ত্রী। অফিসের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর পৌনে ১০টার দিকে একজন অফিসে আসেন। ভূমি অফিসের এ অবস্থা দেখে প্রতিমন্ত্রী আশাহত হন। এ বিষয়টি নিয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

এদিকে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে  সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায় অফিসে সেবাগ্রহীতা কয়েকজন বসে আছেন। কর্মকর্তারা অন্যত্র বদলী হওয়ায় অফিস ফাঁকা। এসিল্যান্ড অফিসের নাজীর মো. জান্নাতুল অফিসে বসে আছেন। নতুন কর্মকর্তারা যোগদান করলে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলী করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।