তৃতীয় নারী ক্রীড়াবিদ হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ স্বাধীনতা পদকে ভূষিত হতে যাচ্ছেন টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ জন স্বাধীনতা পদকপ্রাপ্তের যে তালিকা ঘোষণা করা হয় সেখানে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য লিনুর নামও রয়েছে।
২০০০ সালে মরোণত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত কিংবদন্তি অ্যাথলেট সুলতানা কামাল খুকী। এরপর ২০২৪ সালে আরেক অ্যাথলিট ফিরোজা খাতুন পেয়েছিলেন এই পদক। এবার পাচ্ছেন জোবেরা রহমান রহমান লিনু।
জোবেরা রহমান লিনু ১৯৭৭ সালে একক, দ্বৈত আর মিশ্র দ্বৈতে জাতীয় চ্যাম্পিয়ন হন। ১৯৭৯ থেকে ২০০১ সাল, এর মধ্যে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় গিনেস বিশ্ব রেকর্ড-এ তার নাম উঠেছে। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠিয়েছেন।
ক্রীড়া ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার আরো পেয়েছেন
১৯৭৭ সালে অ্যাথলেটিক্সের হাবিলদার মোস্তাক আহমেদ, ১৯৮১ সালে অ্যাথলেটিক্সের আব্বাস মির্জা, ১৯৮৬ সালে সাঁতারু মোশারফ হোসেন, ১৯৮৯ সালে দাবাড়ু নিয়াজ মোর্শেদ, ১৯৯১ সালে অ্যাথলেট নায়েব সুবেদার শাহ আলম, ১৯৯৩ সালে ক্রীড়া সংগঠক হিসেবে কাজী আব্দুল আলীম, ১৯৯৪ সালে শুটার আতিকুর রহমান, ১৯৯৫ সালে ফুটবলার জাকারিয়া পিন্টু, ১৯৯৬ সালে ফুটবলার কাজী সালাউদ্দিন, ১৯৯৮ সালে ক্রীড়া সংগঠক (মরণোত্তর) শেখ কামাল, ১৯৯৯ সালে ইংলিশ চ্যানেল বিজয়ী সাতারু ব্রজেন দাস এবং ২০০১ ও ২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ আনসার ও ভিডিপি।