নড়াইলে সড়ক দুর্ঘটনায় ওয়াটার ডেলিভারিম্যান নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় রিয়াজ শেখ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নড়াইল-মাগুরা সড়কের কাগজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ নড়াইল সদর উপজেলার ফুলশ্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। তিনি তৃষ্ণা ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিমান ছিলেন।

তৃষ্ণা ড্রিংকিং ওয়াটারের ডেলিভারিম্যান আরিফ হোসেন বলেন, নিহত রিয়াজ সকালে ২০ লিটারের পানির জার (বোতল) গ্রাহকদের কাছে সরবরাহ করার জন্য নছিমন নিয়ে নলদী ও মিঠাপুর এলাকার উদ্দেশ্যে যান। দুপুরে তার দুর্ঘটনায় নিহতের খবর শুনে হাসপাতালে ছুটে আসি।

সদর উপজেলার কাগজীপাড়া গ্রামের রাজু মোল্যা বলেন, দুপুরে কাগজীপাড়া মসজিদ থেকে হঠাৎ শব্দ শুনে দ্রুত এগিয়ে যাই। সেখানে রাস্তা থেকে ঢালুতে ওই যুবককে পড়ে থাকতে দেখি। তখন স্থানীয়দের সহযোগিতায় বীরু ইসলাম নামে একজনের ইজিবাইকে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসা শুরুর মুহূর্তে তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা  হয়েছে।