গোয়ালন্দে নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেপ্তার

​রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১২ বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা মমিন মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মমিন মল্লিক উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি এলাকার মৃত শুকুর আলী মল্লিকের ছেলে। 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সকালে ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান মমিন মল্লিক। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বাক-প্রতিবন্ধী হওয়ায় শিশুটি চিৎকার করতে না পারলেও বাড়িতে ফিরে আকার-ইঙ্গিতে তার মাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করে। শুরুতে বিষয়টি পরিবারের কাছে অস্পষ্ট থাকলেও দু'দিন পর ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন তারা।

​আজ শিশুটির বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মমিনকে গ্রেপ্তার করে। বর্তমানে শিশুটিকে শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী শিশুর সুরক্ষা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করা হবে।’

বিচারহীনতার আশঙ্কায় শিশুটির বাবা নুর ইসলাম মল্লিক বলেন, ‘আমার মেয়ে কথা বলতে পারে না বলেই মমিন এই সুযোগ নিয়েছে। আমি এই পৈশাচিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।’

​এলাকাবাসী এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন।