পদত্যাগ করলেন গভর্নরের সেই উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে মবের মুখে পড়ার ঘটনার জেরে পদত্যাগ করেছেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ। বুধবার (৪ মার্চ) গভর্নরের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের দিন কেন্দ্রীয় ব্যাংক চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তিনি।


জানা গেছে, ওই দিন বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে আহসান উল্লাহ মবের মুখে পড়েন এবং ব্যাংকের জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনার পর থেকে তিনি আর কার্যালয়ে যাননি।


পদত্যাগপত্রে আহসান উল্লাহ উল্লেখ করেছেন, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে ঘটে যাওয়া মব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিকেলে তিনি ব্যাংকের দাপ্তরিক গাড়িতে করে মিরপুর ডিওএইচএসে নিজের বাসভবনের উদ্দেশে ব্যাংক প্রাঙ্গণ ত্যাগ করেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গভর্নরের উপদেষ্টার মতো সম্মানজনক পদে নিজেকে আর নিয়োজিত রাখতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। 

এই পদের মেয়াদ ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। চুক্তিভিত্তিক সেবার অবসানসংক্রান্ত শর্তাবলি অনুযায়ী, তিনি চাকরির পদত্যাগের নোটিশ প্রদান করছেন। বাংলাদেশ ব্যাংক ত্যাগ করার দিন অর্থাৎ, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৩০ দিন পর তা কার্যকর হবে।


তিনি গভর্নরের কাছে অনুরোধ করেন, তার এ নোটিশকে পদত্যাগপত্র হিসেবে গ্রহণ করার জন্য। একইসঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাপনার কাছ থেকে এক বছর এক মাস ১৮ দিনের দায়িত্বপালনকালে প্রাপ্ত সহযোগিতা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।