ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'তাসনিম' এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সেনাবাহিনী উত্তর ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে মার্কিন সেনাদের আবাসস্থল লক্ষ্য করে চালানো এই হামলায় ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত এই মার্কিন ঘাঁটিটি দীর্ঘ দিন ধরেই ইরানের লক্ষ্যবস্তুতে রয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার মাত্রা কয়েকগুণ বেড়েছে।
ইরানের দাবি, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার প্রতিবাদে এবং তাদের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এই 'অপারেশন' চালানো হয়েছে।
এরবিলের এই ঘাঁটিটি মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। এর আগেও গত জানুয়ারি মাসে ইরান এই অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা উচ্চ সতর্কতায় রয়েছে। পেন্টাগন থেকে এখনও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট খতিয়ান প্রকাশ না করা হলেও, এই ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছে, তাদের সেনাদের ওপর কোনো আঘাত আসলে তার কঠোর জবাব দেওয়া হবে। সূত্র- আল-জাজিরা