চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের স্থানীয় চিকিৎসক সুভাশীষ রায়। তিনি প্রতি বছর নিজ বাড়িতে শতাধিক রোজদারদের জন্য ইফতারের আয়োজন করেন। এ সময় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয়ে সৌহার্দপূর্ণ পরিবেশ। দীর্ঘ ১০-১২ বছর ধরে নিজ বাড়ির ছাদে এ অনুষ্ঠানের আয়োজন করছেন তিনি।
এ ব্যাপারে চিকিৎসক সুভাশীষ রায় বলেন, প্রতি বছর রমজান মাসের এ দিনটির জন্য আমি অপেক্ষা করে থাকি। আজকে ৫ মার্চ আমি রোজাদারদের দাওয়াত করেছি। বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ এ ইফতারে সামিল হয়। আমি মনে করি বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি থাকলে তবেই এদেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরামের দক্ষিণ জেলার সভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, প্রতি বছর দাদার আমন্ত্রণে তার বাড়িতে ইফতার করতে আসি। এটা অসাধারণ এক অনুভূতি। ইফতার শেষে দাদার বাড়ির ছাদে নামাজ শেষ করে বাড়ি ফিরে যাই।
অনুষ্ঠানে উপস্থিত লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন দাশ বলেন, শুভাশীষ দাদার সম্প্রীতির ইফতার এক অনন্য দৃষ্টান্ত। এ সময় আরো বক্তব্য রাখেন যথাক্রমে মিলন কান্তি দে, নাজমুল হাসান, কামাল উদ্দিন, নূরে এ মিনহাজ প্রমুখ।