বাঁশখালী‌তে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জ‌রিমানা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন শংখনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৩ লাখ টাকা জ‌রিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃ‌ত্বে পরিচালিত মোবাইল কোর্টে শফিউল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে এ জ‌রিমানা করা হয়। 

স্থানীয় ও প্রশাস‌নের পরিচালিত মোবাইল কোর্ট সু‌ত্রে জানা যায়, বাঁশখালীর পুকু‌রিয়ার দক্ষিণ বরুমছড়ার কানু মাঝির ঘাট এলাকায় শংখ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিচালিত অভিযানে শফিউল আলমকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার বিধান লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৩ লাখ টাকা জ‌রিমানা এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ব‌লেন, উপজেলা প্রশাসন কর্তৃক শংখনদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসন‌কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।