নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে নারায়ণগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজক চেম্বারের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু আগে থেকেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আগত অতিথিদের একে একে স্বাগত জানান। সভাপতির আসনে বসে না থেকে তিনি নিজেই বিভিন্ন টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।
একজন সংসদ সদস্য ও চেম্বারের সভাপতির এমন আন্তরিক আচরণে পুরো ইফতার মাহফিলে ভিন্ন এক উষ্ণ পরিবেশ তৈরি হয়। অতিথিদের কেউ তাকে আলিঙ্গন করেন, কেউ আবার স্মৃতিচারণের জন্য মোবাইলে সেলফি তোলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এবং র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
রাজনৈতিক অঙ্গন থেকেও ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াত নেতা মাওলানা মাঈনউদ্দিন আহমদ ও খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন।
ব্যবসায়ী কাজী মনিরুজ্জামানের উপস্থিতিও অনেকের নজর কাড়ে। তাকে এমপি দিপু ভূইয়াসহ অন্যান্য অতিথিরা স্বাগত জানান। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।