নানা রঙের দীপা

এখনো আগের মতোই ব্যস্ত সময় পার করছেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী দীপা খন্দকার। আগামী ঈদে ওটিটি প্ল্যাটফর্র হইচই’তে দেখা যাবে তাকে ‘একসঙ্গে আলাদা’ নামক ওয়েব ফিল্মে। রেজাউর রহমানের নির্দেশনায় নির্মিত এই ওয়েব ফিল্মে একজন আর্মি অফিসারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপাকে। এ ছাড়া এবারের ঈদে দীপা অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর ‘ভালোবাসার অন্য নাম তুমি’, সকাল আহমেদের ‘শেকড়’, মুরাদ পারভেজের ‘শেষের গল্পের পরের গল্প’, জাকারিয়া শৌখিনের ‘আপনজন’সহ মিশুক মিঠু, এল এর সোহেল’সহ আরও বেশ কয়েকজন নির্মাতার নাটকে দেখা যাবে তাকে।

দীপা বলেন, ‘একসঙ্গে আলাদা ওয়েব ফিল্মটার গল্প খুবই সুন্দর। এটা নিশ্চিত করেই বলা যায় যে, দর্শকের এই ওয়েব ফিল্মটি ভালো লাগবে। ঈদে অন্যান্য যে নাটকগুলোতে অভিনয় করেছি তার মধ্যে চয়নিকা দিদির নাটকটার গল্প খুবই সুন্দর। সকালের নাটকটারও গল্প সুন্দর। মুরাদ পারভেজেরটা দারুণ সাড়া ফেলবে বলে বিশ্বাস। শৌখিনের নাটকের গল্প জুড়ে আমি আছি, তবে আমাকে দেখা যাবে একটি দৃশ্যেই। বাকি অন্যান্য যে নাটকে অভিনয় করেছি সবগুলোই সুন্দর। এবারের ঈদে বিভিন্ন ধরনের চরিত্রে আমার ভক্ত-দর্শকরা দেখতে পাবেন। ঈদ যথারীতি পরিবারের সঙ্গেই ঢাকাতে কাটবে।’