কিরণকে ধুয়ে দিলেন বাটলার

পরাশক্তি চীনকে ভড়কে দিয়ে যখন নারী ফুটবল দল প্রশংসায় ভাসছে, তখন ঢাকা থেকে খোদ তাদের অভিভাবক মাহফুজা আক্তার কিরণ করে বসলেন এক বেফাঁস মন্তব্য। চীনকে দুর্বল, বুড়িয়ে যাওয়া দল হিসেবে আখ্যা দিয়ে বসলেন বাফুফের নারী কমিটির প্রধান, যা মোটেই ভালোভাবে নেননি বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে কিরণকে ধুয়ে দিয়েছেন ব্রিটিশ কোচ। কিরণের মন্তব্য নিজ দল ও চীনের জন্য অসম্মানজনক ও এর মধ্য দিয়ে বাফুফের এ কর্মকর্তা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাটলার।

বাটলারের রেগে যাওয়াটা বড্ড স্বাভাবিক। এমন একটা পারফরম্যান্সের পর যখন সবার মধ্যেই একটা বাড়তি আত্মবিশ্বাস কাজ করছে, তখন বুধবার ঢাকায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিরণ বলেন, ‘চীনকে অনেক বেশি বয়স্ক মনে হয়েছে। তারা মাঝেমধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফ ফর্মে, ফর্ম নেই। আমি আগে চীনের খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।’

কিরণের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাটলার, ‘এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো এটি সম্পূর্ণ আজেবাজে (ননসেন্স) কথা। আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা মোটেই ঠিক হয়নি। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত ছিল, সেটা শুধু খেলোয়াড়দের প্রতি নয়, গোটা দলের প্রতি। ওরা (চীন) অবশ্যই একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (স্পোর্টিং) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের মতো দলের খেলে না; তারা ফ্রান্সে এবং চীনা সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক মন্তব্য এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় রেখেছেন। তবে আমি এমনটাই (তার কাছ থেকে) প্রত্যাশা করি। আমি সত্যি বলছি এটিই প্রত্যাশিত।’