বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়

সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ১২ নির্দেশনা

জাতীয়পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাকে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বৈশ্বিক সংকট মোকাবিলায় সব প্রতিষ্ঠানে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি পরিপত্র জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বৈশ্বিক এই পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এই ব্যবস্থা। ১২টি নির্দেশনায় বলা হয়েছে ১. দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে; ২. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে; ৩. অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এসিসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে; ৪. এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে; ৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে; ৬. অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে; ৭. বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার করতে হবে; ৮. অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনার ইত্যাদি বন্ধ নিশ্চিত করতে হবে; ৯. আলোকসজ্জা পরিহার করতে হবে; ১০. সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে; ১১. জ্বালানি তেল ও গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে; ১২. বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।