'রোনালদো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত', মেসিকে ডোনাল্ড ট্রাম্প

‎মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সর্বশেষ এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়পছেন। এই অনুষ্ঠানে মধ্যমণি হয়ে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

‎গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জেতে মায়ামি। সেই জয়ের স্বীকৃতি হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ‎
‎ট্রাম্প জানান যে তাঁর ছেলে ব্যারন ট্রাম্প মেসির একজন বিশাল ভক্ত। তিনি মেসিকে একজন "জেন্টলম্যান" হিসেবে অভিহিত করেন। তবে কথোপকথনের সময় ট্রাম্প যখন তাঁর পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করছিলেন, তখন মেসিকে কিছুটা অপ্রস্তুত দেখায় এবং তিনি কেবল মৃদু হাসেন।

‎অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্প মজা করে উপস্থিতদের কাছে জানতে চান কে সেরা—মেসি নাকি পেলে? উপস্থিত সবাই "মেসি" বলে চিৎকার করলে ট্রাম্পও তাতে সম্মতি জানান। তিনি প্রায় ৫০ বছর আগে নিউইয়র্ক কসমসের হয়ে পেলের খেলা দেখার স্মৃতিচারণও করেন।

‎দলের অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। জানা গেছে, স্ত্রীর ফ্যাশন শোর কারণে তিনি বর্তমানে ইউরোপে অবস্থান করছেন। তবে দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো এবং তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল উপস্থিত ছিলেন।

‎মায়ামি দলের পক্ষ থেকে ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা (ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট) একটি গোলাপি জার্সি এবং একটি সই করা ফুটবল উপহার দেওয়া হয়।

ট্রাম্পকে জার্সি উপহার দেয় মায়ামি

‎পাশে মেসি ও হোর্হে মাস এবং পেছনে মায়ামি দলের বাকি সদস্যদের নিয়ে ট্রাম্প বলেন, 'আমরা সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিদের সম্মান জানাচ্ছি। আমার জন্য এটি এক বিশেষ সৌভাগ্যের বিষয় এমন কিছু বলা, যা এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি: হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।'

‎তিনি আরও যোগ করেন, 'আমার ছেলে জিজ্ঞেস করেছিল, "বাবা, তুমি কি জানো আজ সেখানে কে থাকবে?" আমি বলেছিলাম, "না, আমার অনেক কাজ আছে।" ও বলেছিল, "মেসি।"সে আপনার বিশাল ভক্ত। সে মনে করে আপনি একজন অসাধারণ মানুষ। সে ফুটবলের বড় ভক্ত তো বটেই, তবে আপনারও জবরদস্ত অনুরাগী। আর রোনালদো নামে এক ভদ্রলোক আছেন—ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত।'"

‎এটি ছিল মেসির প্রথম হোয়াইট হাউস সফর, যিনি ২০২৩ সালের জুলাই মাসে মায়ামিতে যোগ দিয়েছিলেন। এর আগে গত নভেম্বরে তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন।

‎রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা
‎উল্লেখ্য যে, ২০২৫ সালের জানুয়ারিতে জো বাইডেন তাঁর মেয়াদের শেষ দিকে মেসিকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান 'প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম' প্রদান করেছিলেন। তবে সে সময় সময়ের অভাবে মেসি তা গ্রহণ করতে পারেননি।

‎প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে আমেরিকার ফুটবলের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছেন। তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন, বিশেষ করে সামনেই ২০২৬ ফিফা বিশ্বকাপ, যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প আশা প্রকাশ করেন যে, ২০২৬-এর গ্রীষ্মে তিনি আবারও এই চ্যাম্পিয়নদের সাথে দেখা করবেন।