মার্কিন-ইসরায়েল হামলায় ইরানে ৩ হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। 

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কলিভান্দ জানিয়েছেন, এই অভিযানে অন্তত ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩,০৯০টিই সাধারণ মানুষের ব্যক্তিগত ঘরবাড়ি, যা এই সংঘাতের মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে। 

সংস্থাটির তথ্যমতে, ঘরবাড়ি ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা ও ওষুধ তৈরির কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের নিজস্ব ৯টি স্থাপনা এই হামলার শিকার হয়েছে। 

কলিভান্দ আরও উল্লেখ করেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর বেশিরভাগই ছিল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, যার ফলে সাধারণ নাগরিকদের জানমালের এই অপূরণীয় ক্ষতি হয়েছে। উদ্ধারকারী সংস্থাগুলো বর্তমানে বিধ্বস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আলজাজিরা।