গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশু পালন তাদের জন্য টেকসই আয়ের পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে কাশিয়ানী উপজেলার ৬০ জন নিবন্ধিত প্রান্তিক জেলের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেওয়া হয়।