আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে সরকার। এবারের ঈদে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে নতুন করে আরও একদিনের ছুটি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য এবার থাকছে টানা সাত দিনের দীর্ঘ অবকাশ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শুক্রবার (০৬ মার্চ) এই খবরের সত্যতা নিশ্চিত করেন। যদিও এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনো জারি হয়নি, তবে দ্রুতই তা সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতেই এই বাড়তি ছুটির পরিকল্পনা।
নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী ১৭ মার্চ থেকে শুরু করে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মজীবীরা। এর আগে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ছুটি মোটামুটি নিশ্চিত ছিল। এখন ১৮ মার্চ সাধারণ ছুটি যুক্ত হওয়ায় সেই ছুটি শুরু হবে ১৭ মার্চ থেকে। অর্থাৎ টানা এক সপ্তাহ সরকারি কার্যক্রম বন্ধ থাকছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকার রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার হিসাব ধরে এবারের ঈদের ছুটির সূচি সাজিয়েছে। যদি রমজান ৩০ দিন পূর্ণ হয়, তবে ২১ মার্চ পবিত্র ঈদ পালিত হবে। সে অনুযায়ী ২১ মার্চ সাধারণ ছুটি এবং তার আগে-পরে নির্বাহী আদেশে দুই দিন করে মোট চার দিন ছুটি থাকবে।
টানা সাত দিনের এই লম্বা ছুটির ফলে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা বাড়তি সুবিধা পাবেন। সাধারণত ঈদের আগে যাতায়াতের যে তীব্র ভিড় ও ভোগান্তি তৈরি হয়, লম্বা ছুটির কারণে তা অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।