রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায় পথশিশুদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রাণ হারিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। নিহত কিশোরের নাম ময়জুল ওরফে কালু। শুক্রবার (৬ মার্চ) রাতে সোনারগাঁ হোটেল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কালু কারওয়ান বাজার এলাকায় ভাঙারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করত। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁ ক্রসিংয়ের সামনে আরেক পথশিশু হামিদুলের সাথে মাদকদ্রব্য সেবন নিয়ে তার বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে হামিদুল ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা একটি ধারালো কাঁচের টুকরো দিয়ে কালুর মাথায় ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে।
তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই সেখানে উপস্থিত অন্য পথশিশুরা অভিযুক্ত হামিদুলকে ধরে ফেলে এবং তেজগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করে। কালুকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু আল-আমিন জানায়, নেশাজাতীয় দ্রব্য নিয়ে দীর্ঘক্ষণ তাদের মধ্যে হাতাহাতি চলেছিল, যা শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডে রূপ নেয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোরের মাথায় ও ঘাড়ে গভীর জখম পাওয়া গেছে। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তেজগাঁও থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।