আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এই সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে চায় সরকারি দল বিএনপি। এর অংশ হিসেবে অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিএনপি। বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, পয়েন্ট অব অর্ডার, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে দুদিনের কর্মশালার আয়োজন করেছে দলটি।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্ধদ্বার এই কর্মশালায় উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন প্রমুখ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এই কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
কর্মশালার বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশ রূপান্তরকে বলেন, ‘এবারে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা রয়েছেন। তারা ইতিমধ্যে তাদের দলীয় সংসদ সদস্যদের নিয়ে বসেছিলেন। তাদের বিএনপি দলীয় সংসদ সদস্যরা কীভাবে মোকাবিলা করবে সে সম্পর্কে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাংসদরা নতুনদের ধারণা দিয়েছেন। এবারের সংসদে ২৯৬ জন সংসদ সদস্যের মধ্যে প্রথমবারের মতো সংসদে যাবেন ২১৯ জন। তাদের সংসদের কার্যপ্রণালি সম্পর্কে ধারণা নেই। তাদের ধারণা দিতেই এই কর্মশালা। নতুন যারা সংসদ সদস্য হয়েছেন তাদের সংসদ সম্পর্কে পড়াশোনা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
কর্মশালায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুন এমপিদের কাছে তুলে ধরেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্যে।
দুদিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা, বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের সংসদ সদস্যরা অংশ নেন। অভিজ্ঞ একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব ও ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হয়েছে এই কর্মশালায়। আজ শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
কর্মশালায় অংশ নেওয়া বিএনপি দলীয় এক সংসদ সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘কর্মশালায় বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে উপস্থাপনা দেন আর সংসদ সদস্যরা নোট নেন ও আলোচনায় অংশ নেন। কর্মশালায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব, ভূমিকা ও করণীয় নিয়ে একাডেমিক আলোচনা করা হয়। স্থায়ী কমিটিগুলোর কাজ ও সংসদীয় প্রোটোকল সম্পর্কে সংসদ সদস্যদের ধারণা দেওয়া হয়েছে।’
ত্রয়োদশ সংসদে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়া বিএনপির ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এমনকি সরকারের মন্ত্রিসভার অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীও এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। নতুন সংসদ সদস্য ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় বিধিবিধান, কার্যপ্রণালী এবং মন্ত্রণালয় পরিচালনা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই। এ কারণে কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদে উপস্থাপনের আগে নীতিগত প্রস্তাব যাচাই-বাছাই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতার কথা নতুনদের কাছে তুলে ধরেন। মূলত সরকার পরিচালনায় দক্ষতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
কর্মশালায় অংশ নেওয়া বিএনপি দলীয় একজন অভিজ্ঞ সাংসদ দেশ রূপান্তরকে বলেন, ‘এই কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, প্রেসিডেন্টের ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয়, সংসদ অধিবেশনে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দলের দিকনির্দেশনা দেওয়া হবে।’