অদক্ষতার অভিযোগে বিপিসির দুই পরিচালক ওএসডি

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাপনায় অবহেলা ও অদক্ষতার কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যুগ্ম সচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তা হলেন এ কে এম আজাদুর রহমান এবং মুহাম্মদ আশরাফ হোসেন। তারা সরাসরি জ্বালানি কার্যক্রম ও বাজার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার আলাদা আদেশে তাদের তাৎক্ষণিক বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের জেরে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে এমন সিদ্ধান্ত নিল সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রমতে, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে জ্বালানি আমদানি ও মজুদ ব্যবস্থাপনায় এই দুই কর্মকর্তার আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত থাকলেও তা তারা করেননি বলে উঠে আসে।

মন্ত্রণালয় মনে করে, যথাযথ পূর্বানুমান ও ব্যবস্থাপনা থাকলে জ্বালানি মজুদের ওপর বর্তমান পর্যায়ের চাপ এড়ানো সম্ভব হতো।

কাজে অবহেলার কারণে ওই দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা তার উল্টোটা করেছেন। এ কারণে তাদের ওএসডি করা হয়েছে। তারা তাদের অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘জ্বালানির বিষয়ে আরও আশাবাদী উদ্যোগ নেবে সরকার। আগামী কয়েক দিনের মধ্যে তা দৃশ্যমান হবে।’

আজাদুর রহমান বিপিসির পরিচালক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এবং মুহাম্মদ আশরাফ হোসেন পরিচালক (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৮ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে সেদিন বিকেলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন বলে সরকারের ওই আদেশে বলা হয়।