দিনে ১৬ ঘণ্টা কাজের অভিযোগ, নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

ব্রাজিল সুপারস্টার নেইমারের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছেন তার সাবেক এক রাঁধুনি। অভিযোগ, তাকে প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হয়েছে এবং সেই অতিরিক্ত সময়ের কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি।

মামলার অভিযোগ অনুযায়ী, ওই নারী ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্রাজিলের মাঙ্গারাতিবা এলাকায় নেইমারের বিলাসবহুল বাড়িতে কাজ করতেন। তার চুক্তি অনুযায়ী কাজের সময় ছিল সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে অভিযোগে বলা হয়েছে, বাস্তবে কাজের সময় প্রায়ই অনেক বেশি হয়ে যেত। অনেক দিন তাকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে। সপ্তাহান্তেও নিয়মিত কাজ করতে হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রাঁধুনির অভিযোগ, নেইমারের বাড়িতে প্রতিদিন প্রায় ১৫০ জনের বেশি মানুষের জন্য খাবার প্রস্তুত করতে হতো। অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি ঠিকমতো বিশ্রাম বা বিরতিও পাননি। এছাড়া দীর্ঘ সময় ভারী জিনিস বহন এবং নিরবচ্ছিন্ন কাজের কারণে তার গুরুতর শারীরিক সমস্যা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে মেরুদণ্ডে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন ওই নারী। এতে বকেয়া ওভারটাইম, ক্ষতিপূরণ, চিকিৎসা খরচ এবং সম্ভাব্য পেনশন অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নেইমার। বিষয়টি ব্রাজিলের শ্রম আদালতে বিচারাধীন রয়েছে। সেখানে অভিযোগ ও কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে।