মহেশপুর সীমান্তে ভারতীয় ৭ নাগরিকসহ আটক ১১ 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার চেষ্টাকালে সাত ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চার পুরুষ, দুই নারী ও ছয় শিশু রয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের কথা জানানো হয়।

আটকরা হলেন খুলনার দাকোপের আন্ধারমানিক গ্রামের হুমায়ুন কবির, সাতক্ষীরার শ্যামনগরের উত্তর আটুলিয়া হাওয়ালভাঙ্গী গ্রামের সিরাজুল গাজী (২৮)। বাকি দুজনের একজন নারী ও এক শিশু।

এছাড়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার টিল ঢাংগা গ্রামের মো. শাহাজান (৩৩), তার স্ত্রী তৈয়বা বেগম (৩০), ইমরান (১২), ইফরান (১০), আয়ান (৮), মো. জিদান (৬) ও মোছা. সায়দা খাতুন (৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ রাতে মহেশপুরের ৫৮ বিজিবির অধীন বাঘাডাংগা বিওপির হাবিলদার অনুপম বিশ্বাসে নেতৃত্বে অভিযান চালায়। এসময় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করে বিজিবি। এ ছাড়া শুক্রবার (৬ মার্চ) সকালে মহেশপুরের শ্রীনাথপুর বিওপির নায়েব সুবেদার রমজান আলির নেতৃত্বে অভিযানকালে ভারতীয় সাত নাগরিককে আটক করে বিজিবি। আটক ভারতীয় নাগরিকরা সবাই একই পরিবারের সদস্য।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ৭ ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত পরবর্তী করণীয় চলমান রয়েছে। এ ছাড়া অপর আটক চার বাংলাদেশিদের মধ্যে প্রাপ্ত বয়স্ক দুজনকে আদালতে ও আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।