অসহায় মানুষের মাঝে জামায়াতের ‘ইচ্ছে পূরণ’ কর্মসূচি 

অসহায় মানুষের মাঝে ‘ইচ্ছে পূরণ’ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা। আজ শনিবার সকালে উদ্বোধনী দিনে ২৫ জন অসহায় মানুষকে তাদের ইচ্ছামতো কেনাকেটা করার সুযোগ দেওয়া হয়। তাদের ইচ্ছা অনুযায়ে বাজারে গিয়ে সব কেনাকাটা করে দেন জামায়াত নেতারা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এর পুরো ব্যায় বহন করে উত্তরা জামায়াত। কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেলিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, রাজনীতিকে শুধু রাজনীতি নয় বরং আর্ত-মানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণে নিয়োজিত করতে রাজনীতি সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

কর্মসূচি সম্পর্কে মহানগর আমির বলেন, সমাজের অসহায় মানুষ যাতে মূল ধারার জনগোষ্ঠীর সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্যই আমরা এমন জনহিতকর কর্মসূচি গ্রহণ করেছি। আজ আমরা ২৫ জনকে সে কর্মসূচির আওতায় ইচ্ছেমত ঈদের বাজার-সওদা করার সুযোগ দিয়েছি। আমাদের এ ইতিবাচক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর ঈদকে আনন্দঘন করতে সকল রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সেলিম উদ্দিন বলেন, মানুষকে আত্মপূজা ও নিজেকে নিয়ে বিভোর থাকার জন্য দুনিয়াতে প্রেরণ করেননি বরং খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কালামে হাকিমে এসেছে, তোমরাই সর্বোত্তম জাতি মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। মূলত প্রান্তিক শ্রেণির জনগোষ্ঠী ও প্রতিবন্ধীসহ সকল নাগরিক সার্বিক সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মানুষের মুক্তির জন্য আমরা রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমরা দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পূর্ব অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, উত্তরা ১ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী মাহফুজার রহমান, তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান ও বদিউজ্জামাল বকুল প্রমুখ।