বাংলাদেশ ফুটবল লিগের ফিরতি পর্বের শুরুতেও মোহামেডানকে হারালো ফর্টিস এফসি। গতবছরের ২৭ সেপ্টেম্বর লিগ শুরুর দিনই আগের বারের চ্যাম্পিয়নকে চমকে দিয়েছিল ফর্টিস। পা ওমর বাবুর জোড়ায় ২-০ গোলে জিতেছিল ফর্টিস।
আজ ফিরতি পর্বের প্রথম রাউন্ডেও জোড়া গোল করেছেন ফর্টিসের আরেক বিদেশী, ইসা জালো। ফর্টিস জিতেছে ২-১ গোলে।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে খেলার ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন গাম্বিয়ান এই মিডফিল্ডার।
৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৪ মিনিটে পেনালটি থেকে মোজাফফরভ ব্যবধান কমালেও আর খেলায় ফিরতে পারেনি মোহামেডান।
১০ খেলায় চতুর্থ পরাজয় এটি মোহামেডানের। দুই জয় ও চার ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে তারা।
অন্য দিকে ফর্টিস ১০ খেলায় বসুন্ধরা কিংসের সমান ২১ পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।